পটুয়াখালীর-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, সমাজে অন্যায়, অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ক্ষমা নেই।
তিনি আরও জানান, এবার থেকে বিএনপি অন্যায়-অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
বুধবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এবিএম মোশাররফ হোসেন। তিনি আরো বলেন, সরকারি হিসাব অনুযায়ী দেশের ১০টি শান্তিপূর্ণ উপজেলার মধ্যে কলাপাড়া একটি। তাই শান্তি ও শৃঙ্খলার ধারা বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কাউসার হামিদ । উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক, উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপজেলা পরিষদে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে আগমনের সময় এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।




