ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তাহলে দেশ ভয়াবহ সংকটের মুখে পড়বে। তিনি বলেন, জামায়াতের রাজনীতি দেশকে তালেবানি রাষ্ট্রের দিকে ঠেলে দিতে পারে, যা এ দেশের মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও ইসলামী শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, “বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান—এ ধরনের স্লোগান আমরা বিশ্বাস করি না। এটি ইসলামী শিক্ষা নয়। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই মিলে শান্তিতে বসবাস করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী যত বড় বক্তৃতাই দিক না কেন, জনগণ তাদের কথায় বিভ্রান্ত হবে না। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, ড. মুহাম্মদ ইউনূস একজন সৎ ও সুনামধন্য ব্যক্তি হলেও তাঁর নেতৃত্বাধীন সরকার গত দেড় বছরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। ছাত্র আন্দোলনের মাধ্যমে একাধিক সরকারের পতন হলেও ছাত্ররা প্রকৃত অর্থে ক্ষমতার অংশীদার হয়নি। কয়েকজন ছাত্রকে উপদেষ্টা করা হলেও ক্ষমতায় গিয়ে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “ছাত্রদের মূল দায়িত্ব পড়ালেখা করা, কিন্তু তারা সেই পথ ছেড়ে রাজনীতিতে জড়িয়ে পড়ছে।”
লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখার সভাপতি মো. ইউছুপ মেম্বার, পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




