গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে ইশ্বরগঞ্জ-৮ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে বিজয়ী করতে অন্যান্য এলাকার মতো ৪নং আঠারবাড়ি ইউনিয়নেও ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন তারা।
গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে গণমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। খেটে খাওয়া মেহনতী মানুষের অধিকার নিশ্চিত করে দেশকে নতুন অর্থনৈতিক অগ্রযাত্রায় এগিয়ে নেওয়া হবে।
তারা আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতা চালু করা হবে। আলেম-ওলামাসহ সকল ধর্মাবলম্বী মানুষ নিরাপদ পরিবেশে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
গণসংযোগে অংশগ্রহণকারীরা বলেন, গত ১৭ বছরে আলেম-ওলামারা নানা বাধা ও নির্যাতনের শিকার হয়েছেন। ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, মাইক কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। বিএনপি ক্ষমতায় এলে এসবসহ সকল ধরনের দমন-পীড়নের অবসান ঘটবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
এছাড়া শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয় গণসংযোগে। নেতাকর্মীরা বলেন, এখনও যারা মানুষের অধিকার হরণ ও দুর্বৃত্তায়নে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে জুলুম-নির্যাতনের রাজনীতির অবসান ঘটানোর আহ্বান জানানো হয়। এ সময় উপজেলা ও এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন।




