উলিপুর পৌর শহরের তীব্র যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু রোধে হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় উলিপুর বড় মসজিদ মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে ‘বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটি, উলিপুর’।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “আমাদের দাবি, আমাদের অধিকার, উলিপুর হ্যালিপ্যাড হইতে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন চাই” স্লোগান তুলে দ্রুত সড়ক নির্মাণের দাবি জানান।
বক্তারা বলেন, উলিপুর পৌর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ভারী যানবাহনের চলাচলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। একটি বাইপাস সড়ক নির্মাণ করা হলে শহরের ভেতরের যানচাপ কমবে, নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।