কালিগঞ্জ প্রেসক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত
বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরার
কালিগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) বেলা ১১টায় প্রেসক্লাবের নিজস্ব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল। এছাড়া সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, সদস্য ফজলুল হক, শিমুল হোসেন, আলমগীর হোসেন, তাপস কুমার ঘোষ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। কিন্তু বর্তমান সময়ে নানা বাধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সাংবাদিকরা। তাই তাদের নিরাপত্তা, স্বাধীনতা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।
তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা শুধু সাংবাদিকদের জন্য নয়, এটি জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করে। এ অধিকার রক্ষায় সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল মহলকে আরও আন্তরিক ও সচেতন হতে হবে।
সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরা ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



