পটুয়াখালীর দশমিনা উপজেলায় জমি দখলের চেষ্টা এবং গুম-খুনের হুমকির অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রোববার দুপুরে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে দক্ষিণ আদমপুর গ্রামের বাসিন্দা আবদুল গফুর সিকদারের মেয়ে মোসা. রাশিদা বেগম অভিযোগ করেন, প্রায় ৫০ বছর আগে তার বাবা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের সিরাজ কাজীর পরিবারের কাছ থেকে ২ একর ৪৮ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবারের সদস্যরা জমিটি ভোগদখলে রেখে আসছেন।
তার অভিযোগ, সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি মৃত আলী মৃধার ছেলে আব্দুল সালাম মৃধা এবং মৃত ইব্রাহিম মৃধার ছেলে জাকির মৃধা লোকজন নিয়ে ওই জমিতে হালচাষ শুরু করে দখলের চেষ্টা করেন। এতে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের গুম ও হত্যার হুমকি দিয়ে আসছেন বলে মানববন্ধনে দাবি করা হয়।
এছাড়া স্থানীয়ভাবে কোনো সালিশি উদ্যোগও তারা মেনে নিচ্ছেন না বলেও অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধন থেকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল সালাম মৃধা বলেন, “ওই জমি আমাদের। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন ও মিথ্যা।”




