চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় রফিকুল আলম নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে বলে পরিবার জানিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের এই অংশে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা সড়কে কঠোর নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন।




