মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের সিজার মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১০টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি’র একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৪১/৭-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপদইল গ্রামের একটি ভুট্টাক্ষেতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় বিজিবি।
উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জৈন্তাপুর-তামাবিল মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা, টায়ার বিস্ফোরণে মুখোমুখি সংঘর্ষে চালকের হাত বিচ্ছিন্ন

সিলেটের জৈন্তাপুর-তামাবিল মহাসড়ক যেন হঠাৎই রূপ নেয় এক বিভীষিকাময় দৃশ্যে।