ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে রামু–চকরিয়ায় বিজিবির সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলার রামু ও চকরিয়া উপজেলায় সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানিয়েছে, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন উপলক্ষ্যে কক্সবাজার জেলার রামু ও চকরিয়া উপজেলার মোট ১৯৪টি ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিজিবি। এর মধ্যে রামু উপজেলায় ৬৪টি এবং চকরিয়া উপজেলায় ১৩০টি ভোটকেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে। ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে এ দুই উপজেলায় মোট ৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানায়, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নির্বাচন এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এর অংশ হিসেবে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা (ডিএমআর বেস ও ওয়াকিটকি, ইউএইচএফ সেট), রিয়েল-টাইম রিপোর্টিংয়ের জন্য নির্বাচনী সুরক্ষা অ্যাপস, জিপিএস ভিত্তিক টহল কার্যক্রম এবং জেলা ও ইউনিট পর্যায়ে সমন্বিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম চালু রাখা হয়েছে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাটালিয়ন সদর থেকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি সদস্যকে ইতোমধ্যে রায়োট কন্ট্রোল ও পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (STX)সহ প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করানো হয়েছে। ফলে সকল সদস্য প্রয়োজনীয় সরঞ্জামসহ পেশাগতভাবে প্রস্তুত, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ অবস্থায় দায়িত্ব পালন করবেন।
ভোটারদের নিরাপদ, শান্ত ও ভীতিমুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং স্থানীয় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। একই সঙ্গে জনগণের আস্থা বৃদ্ধিতে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত ও সীমান্তসংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়। যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র বা মাদক পাচার নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে—সে লক্ষ্যে টহল, গোয়েন্দা নজরদারি এবং তথ্যভিত্তিক অভিযান বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও নির্বাচনী এলাকায় অবৈধ অস্ত্র ও দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় বিজিবির মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং প্রয়োজনে কুইক রেসপন্স ফোর্স (QRF) সর্বদা প্রস্তুত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) আশাবাদ ব্যক্ত করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় রামু ও চকরিয়া উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সংবিধান ও আইনের আলোকে জনগণের আস্থা ও ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া