আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দিনাজপুর শহরের গণেশতলা মডার্ন মোড়, চারুবাবুর মোড়, কোতোয়ালী থানা মোড় ও ঐতিহ্যবাহী রেল বাজার হাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ পরিচালিত হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকার কাজী মোহাম্মদ আব্দুল হালিম, হাফিজুল কাদের লাবু, মো. মিজানুর রহমান, মমিনুল ইসলাম, একরামুল হক, বকুল চৌধুরী, ওবায়দুল হক, মো. আবুল হাসান, মো. ইউনুস আলী, আসলাম মাহবুব এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি মো. শফিকুল আলম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, দিনাজপুর সদর-৩ আসনের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া বিএনপির বিজয়কে আরও নিশ্চিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।




