দিনে-দুপুরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামি একজন গ্রেফতার হলেও বাকি আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা।
উল্লেখ, গত ০৭/০৬/২০২৬ তারিখের এই ঘটনায় সিরাজগঞ্জের কাজিপুর থানায় ৩ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গত ৭ তারিখ দুপুর ১২টার দিকে রায়গঞ্জের তেলি জানা গ্রামের মো. আব্দুর রাজ্জাকসহ ৩ জন ব্যবসায়ী কাজিপুরের সোনামুখী গরুর হাটে ৬টি গরু নিয়ে আসেন। এর মধ্যে ৩টি গরু বিক্রি করে ৫ লাখ ৫৬ হাজার টাকা এবং মহাজনের কাছে থাকা নগদ ১ লাখ ৩৪ হাজার টাকাসহ মোট ৬ লাখ ৯০ হাজার টাকা নিয়ে সিএনজিযোগে সিরাজগঞ্জ শহরের দিকে রওনা দেন তারা।
বিকাল সাড়ে ৪টার দিকে কাজিপুর থানাধীন চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজারহাটি বাজারে পৌঁছামাত্র অজ্ঞাতনামা ৩ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে সিএনজির গতিরোধ করে। সিএনজি থামিয়ে এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে মহাজন আব্দুর রাজ্জাকের মাথার বাম পাশে কুপিয়ে গুরুতর জখম করে। অন্য দুইজন রড দিয়ে মারধর করে নগদ ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় গরু ব্যবসায়ী লিটন মিয়া ও এলাকাবাসীর সহায়তায় আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের সহযোগী মো. রুহুল আমিন বাদী হয়ে মামলা দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে ১ জন আসামিকে গ্রেফতার করে। তবে বাকি ২ জন এখনো পলাতক রয়েছে।
মামলার বাদী ও আহত আব্দুর রাজ্জাক বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের দাবি দ্রুত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।