ওগাঁ সদর উপজেলায় বিশেষ অভিযানে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পার নওগাঁ সর্দারপাড়া এলাকায় সোমবার (১৩ জুলাই) অভিযান চালানো হয়। অভিযানে আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), নাহিদ হাসান (৩০), মশিউর রহমান (৩১) ও আরিফ হোসেনকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ওই এলাকায় একটি ছোট পরিসরের অনলাইন জুয়ার কেন্দ্র পরিচালনা করছিলেন।
সেখানে বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণেরা অনলাইন জুয়া খেলতে আসতেন। এ ছাড়া বিভিন্নভাবে মানুষকে অনলাইন জুয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
পুলিশ জানায়, ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।