সোমবার (৮ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (সেবাচিম) হাসপাতালে নেওয়ার সময় লেবুখালী সেতু সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব আলীপুর ইউনিয়নের নয়া ভাঙ্গুলী গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা সোহান হাওলাদার সোমবার বিকেল প্রায় ৪টার দিকে নিজ বাড়িতে কীটনাশক পান করেন। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন। পরে বরিশালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্র জানায়, কিছুদিন আগে সোহান হাম রোগে আক্রান্ত হয়েছিলেন। এ সময় তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর থেকেই তিনি মানসিক অস্থিরতা ও অস্বাভাবিক আচরণ প্রদর্শন করছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার প্রভাবেই তিনি কীটনাশক পান করেছেন।
এ সময় তার বাবা-মা বাড়ির বাইরে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। একাকী অবস্থায় থাকার সুযোগে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে তাদের ধারণা।
স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসেন জানান, সোহান বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক বিরোধ বা অন্য কোনো কারণের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণেই এ ঘটনা ঘটেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের পক্ষ থেকে মৃত্যুকে ঘিরে কোনো সন্দেহ প্রকাশ করা হয়নি। এ কারণে ময়নাতদন্তের বিষয়েও তাদের আপত্তির কথা জানা গেছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, সোহানের মৃত্যুর সংবাদ পাওয়ার পর মঙ্গলবার সকালে পুলিশ তার বাড়িতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




