সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের মুকসুদপুরে ৩৬০ জন কৃষকের মাঝে ১,৮০০টি নারকেল গাছের চারা ও প্রয়োজনীয় সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৮ জুন বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং কৃষকের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের মাঝে বিতরণকৃত নারকেল গাছের চারা সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান। তিনি বলেন, নারকেল চাষ দীর্ঘমেয়াদে কৃষকদের জন্য লাভজনক একটি খাত হিসেবে বিবেচিত হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপসহকারী বৃক্ষরোপণ কর্মকর্তা মো. রুহুল কুদ্দুছ সার্বিক সহযোগিতা করেন। এ সময় কৃষকরা চারা ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




