পাঁচ বছরে বদলে যাবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী পাঁচ বছরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার চিত্র বদলে দেওয়া সম্ভব। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সোমবার গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জাঙ্গালহাটা মাদরাসায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমরান চৌধুরী বলেন, দুই উপজেলার প্রতিটি গ্রামের সমস্যা সম্পর্কে তিনি অবগত এবং উন্নয়ন নিয়ে মানুষের দুশ্চিন্তার কোনো কারণ নেই। জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই জনগণের আস্থার প্রতিদান দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি-র যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আবু তাহেরসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন