পাখি নিধনের অভিযোগে নেছারাবাদে ফল ব্যবসায়ীকে জরিমানা

পাখি নিধনের অভিযোগে নেছারাবাদে ফল ব্যবসায়ীকে জরিমানা, কঠোর সতর্কবার্তা
নেছারাবাদে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে পাখি শিকারের দায়ে এক ফল ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি এলাকার বাসিন্দা ফল ব্যবসায়ী আলাউদ্দিন মিয়াকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ধারা ৩৮(২) ও ৪১ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন পত্রপত্রিকায় পাখি নিধনের সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ (এসিল্যান্ড)।
স্থানীয় সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামে প্রায় এক একর জমিজুড়ে বড়ই বাগান ঘিরে বড়ই রক্ষার নামে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে আসছিলেন বাগান মালিক আলাউদ্দিন মিয়া। এতে প্রতিদিন শত শত দেশীয় পাখি—বুলবুলি, ঘুঘু, দোয়েল, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি মারা যাচ্ছিল।
স্থানীয়দের অভিযোগ, গত তিন বছর ধরে বড়ই মৌসুম এলেই তিনি একই কৌশলে পাখি নিধন করে আসছেন। জালে আটকা পড়া পাখিদের মধ্যে খাবারযোগ্য কিছু পাখি রান্না করে খাওয়া হলেও বাকিগুলো ফেলে দেওয়া হতো। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল বলে দাবি করেন এলাকাবাসী।
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে পাখি নিধনের হৃদয়বিদারক চিত্র দেখা যায় বলে স্থানীয়রা জানান। তারা বলেন, চাইলে পরিবেশবান্ধব পদ্ধতিতে পাখি তাড়ানোর ব্যবস্থা করা সম্ভব হলেও নিষ্ঠুর ও অবৈধ পদ্ধতি বেছে নেওয়া হয়েছিল।
নেছারাবাদ উপজেলা বন কর্মকর্তা মো. সালাউদ্দীন বলেন, “নিষিদ্ধ জাল ব্যবহার করে পাখি নিধন বন ও পরিবেশ সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “বড়ই বাগান রক্ষার নামে নিষিদ্ধ জাল ব্যবহার করে পাখি নিধন অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পরিবেশবাদী ও পাখিপ্রেমীরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, দেশীয় পাখি রক্ষা না করলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন