মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার (৪ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম, অস্থায়ী চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের সম্ভাব্য প্রচেষ্টার খবর পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি টহল দল মোশরফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, কোতোলী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির মুখোমুখি অবস্থান সৃষ্টি হলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করা হয়।
লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার আরও বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জৈন্তাপুর-তামাবিল মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা, টায়ার বিস্ফোরণে মুখোমুখি সংঘর্ষে চালকের হাত বিচ্ছিন্ন

সিলেটের জৈন্তাপুর-তামাবিল মহাসড়ক যেন হঠাৎই রূপ নেয় এক বিভীষিকাময় দৃশ্যে।