মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শত্রুজিতপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিসিআইসি সার ডিলার, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযান চলাকালে মেসার্স সনজিত কুমার সাহা নামের বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, সরকার নির্ধারিত প্রতি বস্তা টিএসপি সারের মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও তা ২ হাজার ২০০ টাকায় এবং প্রতি বস্তা ডিএপি সারের মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। অর্থাৎ প্রতি বস্তা টিএসপিতে ৮৫০ টাকা এবং ডিএপিতে ৬৫০ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছিল।
এ ছাড়া অতিরিক্ত দামে সার বিক্রি করলেও ক্রেতাদের কোনো ভাউচার দেওয়া হয়নি এবং বিক্রির তথ্য রেজিস্টারেও সংরক্ষণ করা হয়নি। অভিযানের সময় দুইজন কৃষকের সঙ্গে ফোনে কথা বলে অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা। কৃষকরা জানান, অতিরিক্ত অর্থ নেওয়া হলেও তাদের কোনো ভাউচার দেওয়া হয়নি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, কৃষকদের স্বল্পমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর অনিয়মের কারণে কৃষকদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে, যা কৃষক ও কৃষি খাতের সঙ্গে প্রতারণার শামিল।
এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




