মেহেন্দিগঞ্জে জনদুর্ভোগ চরমে , সংস্কার ও অনিয়ম রোধে সংসদ সদস্য রাজিব আহসানের হস্তক্ষেপ চান ‘সেরা জয়িতা’ ফাতেমা সাথী

‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তৃণমূল পর্যায়ে চলমান নানাবিধ অমানবিক কর্মকাণ্ড, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং দুর্নীতির চিত্র তুলে ধরে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব রাজিব আহসানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ‘সেরা জয়িতা’ নারী ফাতেমা সাথী। সম্প্রতি এক খোলা চিঠিতে তিনি উপজেলার ১৫টি জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দাবি করেন।
‎ভূমিদস্যুতা ও প্রশাসনিক স্থবিরতা
‎ফাতেমা সাথী অভিযোগ করেন, মেহেন্দিগঞ্জের প্রতিটি ওয়ার্ডে অন্তত একজন করে প্রভাবশালী ভূমিদস্যু সক্রিয় রয়েছে, যারা অসহায় মানুষের জমি দখল করে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। তিনি RS, CS এবং SA পর্চা অনুযায়ী প্রকৃত মালিকদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পাশাপাশি, সরকারি প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত করে থানা ও প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
‎ভাতা ও কার্ড বিতরণে পাহাড় সমান দুর্নীতি
‎উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমে ব্যাপক অনিয়মের তথ্য তুলে ধরে তিনি জানান, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড পেতে মেম্বার-কাউন্সিলরদের ২ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। এছাড়া ৪২ হাজার জেলে কার্ডের মধ্যে প্রায় ২২ হাজার কার্ডই ভুয়া বলে তিনি দাবি করেন। রেশন কার্ড এবং ১০ কেজি চালের কার্ড বিতরণেও নিম্ন আয়ের মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। মেঘনার ভাঙন কবলিত মেহেন্দিগঞ্জকে রক্ষায় তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান। তার অভিযোগ, প্রভাবশালী দলীয় নেতারা প্রশাসনের মদদে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন, যা নদী ভাঙনকে ত্বরান্বিত করছে। এছাড়া ঘাট ও বাজার ইজারা প্রথার আড়ালে চাঁদাবাজি বন্ধের ওপরও তিনি জোর দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডায়াগনস্টিক সেন্টারগুলোর দালাল চক্র রোগীদের জিম্মি করে অতিরিক্ত ফি আদায় করছে। অন্যদিকে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক টিউশন ফি’র নামে মেধা বিকাশের পথ রুদ্ধ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এলাকায় ‘সালিশি বিচার’–এর নামে একটি প্রভাবশালী চক্র এখনো সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করছে। ফাতেমা সাথী এই ‘বিচার বাণিজ্য’ বন্ধের পাশাপাশি মাদকের খুচরা বিক্রেতাদের বদলে মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানান।
‎বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে ‘সেরা জয়িতা’ পুরস্কারপ্রাপ্ত এই নারী নেত্রী আশা প্রকাশ করেন যে, মেহেন্দিগঞ্জ উপজেলাকে একটি বাসযোগ্য ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে সংসদ সদস্য রাজিব আহসান এই ১৫ দফা দাবির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তিনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন