আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবক রাজধানীর বাড্ডা লিংক রোডে রাইদা ও ভিক্টর ক্লাসিক পরিবহনের দুটি বাসের মাঝখানে চাপা পড়ে নিহত হয়েছেন। ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখায় সাপোর্ট স্টাফ হিসেবে তিনি কর্মরত ছিলেন।
তাকে গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের বাসিন্দা নিহত আবুল কাশেম আজাদ এবং তিনি মৃত আবুল কালাম আজাদের ছেলে। রাজধানীর খিলক্ষেত এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
রাজধানীর বাড্ডা লিংক রোডে দুটি বাসের মাঝখানে চাপা পড়ে নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, আবুল কাশেম আজ (মঙ্গলবার) সন্ধ্যার দিকে অফিসের কাজ শেষে বাড্ডার লিঙ্ক রোড দিয়ে বাসায় ফিরছিলেন। তিনি রাস্তার পারাপারের সময় রাইদা ও ভিক্টর নামে যাত্রীবাহী দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় পুলিশ হেফাজতে রয়েছে ভিক্টর ও রাইদা পরিবহনের বাস দুটি।
চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ-ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাড্ডা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।




