পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাজবাড়ী জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে রাজবাড়ী জেলা-এর রেলস্টেশন বাজার, ফল বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ আরিফুল হক।
অভিযানকালে বাংলাদেশ হোটেল এন্ড রেঁস্তরা আইন ২০১৪-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় একটি প্রতিষ্ঠানের মালিককে ১,০০০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আইন মেনে চলার জন্য তাকে সতর্ক করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব আসিফুর রহমান পুড়া তেল ও জিলাপিতে হাইড্রোজ পরীক্ষা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (সিভিল সার্জন অফিস, রাজবাড়ী) জনাব সূর্য্য কুমার প্রামানিক। এছাড়া নমুনা সংগ্রহ সহকারী হিসেবে ছিলেন মোহাম্মদ আল আমিন এবং পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ীর মোঃ মানিক মিয়া।
আইনশৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী পুলিশ লাইনের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।




