লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অপহরণ করে শারীরিক নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ

লক্ষ্মীপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-র যুব বিভাগের এক নেতাকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ৩নং ভাঙ্গাখাঁ ইউনিয়নের বাসিন্দা মো. মহসিন (২৩) গত ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন।

পথে মিরিকপুর বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে সেখানে অবস্থান করতে বলে।পরে ৪-৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে যায়। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে হুমকি প্রদান করে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, পরদিন ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে তাকে বিষ্ণুপুর গ্রামের একটি সড়কের পাশে ফেলে রেখে যায় অভিযুক্তরা।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, তাঁর করা জিডি আমরা তদন্ত দেখতেছি। সত্যতা যাচাই করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন