নির্বাচনে অনিয়ম রোধ ও ঐক্যের ডাক জামায়াত নেতাদের
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমাই উপজেলার ভূশ্চি বাজারে এই গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা-১০ আসনে জামায়াতে ইসলামীর আমির ও দাঁড়িপাল্লার প্রার্থী ইয়াসিন আরাফাত।
ভূশ্চি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ভুশ্চি পশ্চিম বাজারের ছোট শরীফপুর কলেজের সামনে এসে সমাবেশে রূপ নেয়। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলজুড়ে দাঁড়িপাল্লার প্রতীক ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইয়াসিন আরাফাত বলেন,
“আগামী নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা বাটছাল মেনে নেওয়া হবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জামায়াতের নেতাকর্মীরা শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থাকবে এবং জনগণকে সঙ্গে নিয়েই গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা হবে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ চালানোর আহ্বান জানান এবং নির্বাচনকে ঘিরে যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
গণমিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।




