প্রজনন মৌসুমে মা, ইলিশ ও জাটকা ইলিশ সংরক্ষণে ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদী সমুদ্র এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সর্ব প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ ধরা, বিক্রি, কোন ভাবে চলবে না এবং সংরক্ষণ ও বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধ থাকবে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, লালমোহনে জেলের সংখ্যা ২৪ হাজার ৮০৬ জন। নিবন্ধনের বাইরে আরও ২ হাজার ৫০০ জন জেলে রয়েছে। মেঘনার চর ইলিশা থেকে চর রুস্তুম পর্যন্ত প্রায় ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেন, ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে মার্চ-এপ্রিল দুই মাস এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। জেলেরা যাতে নদীতে মাছ শিকারে না যেতে পারে সেজন্য ব্যাপক ভাবে মাইকিং করা হচ্ছে এবং প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। মেঘনার বাতির খাল, লঞ্চঘাট, মাছ ঘাটসহ বিভিন্ন পয়েন্টে জেলে ও মৎস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা, ব্যানার ও মাইকিং করা হচ্ছে।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করিলে মৎস্য আইনে সর্বনিম্ন এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা পাঁচ হাজার টাকা জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত করা হবে এবং অভিযানে থাকবে মৎস্য বিভাগ, পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড। নিবন্ধিত জেলেদের জন্য সরকার চার থেকে পাচ মাস ধরে প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।




