শায়েস্তাগঞ্জে বাদশা টেক্সটাইলের বিরুদ্ধে জমি দখল ও জাল মাঠ পর্চার অভিযোগ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় বাদশা টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল এবং কোনো ধরনের ক্রয়-বিক্রয় বা রেজিস্ট্রি ছাড়াই প্রতিষ্ঠানের নামে মাঠ পর্চা করানোর গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার মেরাশানি মৌজার সাবেক দাগ নং ৮৫১ ও হাল দাগ নং ৮৯০-এর অন্তর্গত সাইল শ্রেণীর মোট ৬২ শতক জমি দীর্ঘদিন ধরে আব্দুল হাসিম নামের এক ব্যক্তির মালিকানাধীন ছিল। তিনি প্রায় পঞ্চাশ বছর আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া একমাত্র কন্যা দিলকুশ বিবি ওয়ারিশ সূত্রে উক্ত জমির বৈধ মালিক হন এবং তাঁর নামেই মাঠ পর্চা প্রস্তুত হয়।
পরবর্তীতে মাঠ পর্চা অনুযায়ী দিলকুশ বিবি তাঁর একমাত্র পুত্র আক্তার সরদারের স্ত্রী মোছাঃ কমলা বেগমের নামে ৪৫ শতক জমি দান করেন। বাকি ১৭ শতক জমি আইনগতভাবে এখনও দিলকুশ বিবির নিজ নামে বৈধভাবে বিদ্যমান রয়েছে।
তবে অভিযোগ উঠেছে, উক্ত ১৭ শতক জমি কোনো ধরনের দলিল, ক্রয়-বিক্রয় বা রেজিস্ট্রি ছাড়াই দিলকুশ বিবির নাম বাতিল করে বাদশা টেক্সটাইল লিমিটেডের নামে মাঠ পর্চাভুক্ত করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, এ প্রক্রিয়ায় ভূমি রেকর্ড জালিয়াতি করা হয়েছে।
ভুক্তভোগীরা আরও জানান, জমি দখলের সময় তাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরবর্তীতে উক্ত জমির ওপর বেআইনিভাবে বিভিন্ন ভবন ও স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতা ও গুরুতর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগগুলো প্রমাণিত হলে এটি দণ্ডবিধি ১৮৬০-এর ৪২০ ধারা (প্রতারণা), ৪৬৭ ও ৪৬৮ ধারা (জালিয়াতি ও জাল দলিল প্রস্তুত), ৪৪৭ ও ৪৪৮ ধারা (অবৈধ অনুপ্রবেশ ও জমি দখল) এবং ভূমি রেকর্ড ও রাষ্ট্রীয় সম্পত্তি সংক্রান্ত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এছাড়া ভূমি রেকর্ড জালিয়াতির সঙ্গে সংশ্লিষ্ট থাকলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্ত, মাঠ পর্চা বাতিল এবং দখলকৃত জমি উদ্ধারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে বাদশা টেক্সটাইল লিমিটেডের কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন