সাংবাদিকদের পেশাদারিত্ব, ঐক্য ও নৈতিকতার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পূর্বাচল প্রেসক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নবনির্বাচিত সভাপতি মো. রাশেদুল ইসলাম।
সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল সি শেল পার্ক রিসোর্টে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রেসক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় ‘সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে ৩৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি মো. রাশেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাই একটি শক্তিশালী সাংবাদিক সংগঠনের মূল ভিত্তি। তিনি বলেন, পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পূর্বাচল প্রেসক্লাব কাজ করবে।
সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন, স্থানীয় সমস্যা, জনস্বার্থ ও উন্নয়নমূলক বিষয়গুলো গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরতে পূর্বাচল প্রেসক্লাব দায়িত্বশীল ভূমিকা রাখবে। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা ও সমাজের ইতিবাচক পরিবর্তনে সংগঠনটির কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবকণ্ঠের সিইও সৌরভ হাসান সজীব, পূর্বাচল প্রেসক্লাবের উপদেষ্টা হানিফ মোল্লা, জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরাজী, সময় টিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ, এটিএন বাংলার অনলাইন ও ডিজিটালের নিউজ এডিটর আল-ইমরান, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন।
এ ছাড়া বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনী আয়োজনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, সময় টিভির সাংবাদিক মো. রাশেদুল ইসলাম সভাপতি এবং দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও কার্যনির্বাহী পদে মোট ৩৬ জন সদস্য দায়িত্ব পেয়েছেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পূর্বাচল প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি নিরপেক্ষ, পেশাদার ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে পূর্বাচল প্রেসক্লাবের উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।




