সাজেকের ভূয়াছড়িতে ইউপিডিএফ-জেএলএ’র মধ্যে দেড় ঘণ্টা গোলাগুলি, আতঙ্কে পাহাড়ি জনপদ

ভূয়াছড়িতে ইউপিডিএফ-জেএলএ’র মধ্যে দেড় ঘণ্টা গোলাগুলি, আতঙ্কে পাহাড়ি জনপদ

রাঙ্গামাটি প্রতিনিধি- রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকার মিতিঙ্গাছড়ি পাড়ায় পাহাড়ের দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জুম্ম লিবারেশন আর্মি (জেএলএ)’র মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেড় ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টানা গোলাগুলি চলে। মাসালং বাজার থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে দুর্গম ভূয়াছড়ি এলাকার ওপরের মিতিঙ্গাছড়ি এলাকায় এ বন্দুক যুদ্ধের সূত্রপাত হয়।
স্থানীয়দের দাবি, ঘণ্টাব্যাপী চলা এ বন্দুক যুদ্ধে উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৭০০ থেকে ৮০০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গুলাগুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই নিরাপত্তার আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে, একই সময়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলাতেও দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।
এলাকাটি দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য সংগ্রহে কিছুটা জটিলতা রয়েছে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাজেক থানার সার্কেল অফিসার ও রাঙামাটির সহকারী পুলিশ সুপার মো. মাহামুদুল হাছান বন্দুক যুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহত সংক্রান্ত কোনো তথ্য এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন