আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সরাসরি সহযোগী থাকার অভিযোগ এবং ঋণখেলাপি ইস্যুতে ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রশিবির।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে লাঠি হাতে বিক্ষোভ মিছিলটি শুরু করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলসহ নানা স্লোগান দেন।
এর আগে বিকেল সাড়ে ৪টায় মিজান ময়দান থেকে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিল জেলা ছাত্রশিবির। তবে একই সময় ও একই স্থানে আরেকটি পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।
জানা যায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘আধুনিক পতিতাবৃত্তি’র সঙ্গে তুলনা করার একটি মন্তব্যের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় বিএনপির তিন অঙ্গসংগঠন।
দুই পক্ষের কর্মসূচি একই সময় ও একই স্থানে ঘোষিত হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় প্রশাসন মিজান ময়দান ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। ফলে সেখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনাকে ঘিরে ফেনী শহরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয় এবং সার্বিক পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।




