কক্সবাজারের ঈদগাঁও থানায় ৫০ লাখ টাকার চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ আলমগীর (পিতা: হাজী আলতাজ মিয়া)। তার বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর সাতজুলাকাটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, সিআর-৬৬৫/২১ নম্বর মামলায় (এনআই অ্যাক্টের ১৩৮ ধারা) বিজ্ঞ আদালত তাকে ৫০ লক্ষ টাকা অর্থদণ্ড ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আত্মগোপনে ছিলেন।
রবিবার ঈদগাঁও থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মাকদার জানান, “আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।




