পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বানেশ্বর বাজার এ জমে উঠেছে মাংস কাটার প্রয়োজনীয় ঐতিহ্যবাহী কাঠের খাইট্রা বিক্রি। মঙ্গলবার (২৬ মে ২০২৬) সরেজমিনে বানেশ্বর হাটের চৈতালী মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের খাইট্রা নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদ ঘনিয়ে আসায় খাইট্রার চাহিদা বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে তেঁতুল কাঠের তৈরি খাইট্রার প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। বাজারে প্রতিটি খাইট্রা ১০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী জি এম বলেন, “এবার কাঠের দাম অনেক বেশি হওয়ায় আমাদেরও বেশি দামে কিনতে হয়েছে। তাই বিক্রয়মূল্যও কিছুটা বেশি। তবে কোনো ক্রেতা এক জোড়া খাইট্রা কিনলে ২০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।”
আরেক বিক্রেতা মোঃ আসরাফুল বলেন, “গত বছরের তুলনায় এবার খাইট্রা ভালো বিক্রি হচ্ছে। ঈদ সামনে রেখে মানুষ আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন।”
জানা যায়, খাইট্রা সাধারণত তেঁতুল, বাবলা, নিম ও মেহগনি কাঠ দিয়ে তৈরি করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের মতে, এসব কাঠের মধ্যে তেঁতুল কাঠের খাইট্রা সবচেয়ে বেশি টেকসই হওয়ায় ক্রেতাদের চাহিদাও বেশি।
ক্রেতাদের ভাষ্য, কোরবানির সময় ভালো মানের খাইট্রা না হলে মাংস কাটতে নানা সমস্যার মুখে পড়তে হয়। তাই অনেকে টেকসই ও মজবুত খাইট্রা কিনতেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
ঈদুল আজহাকে কেন্দ্র করে বানেশ্বর বাজারের এই ঐতিহ্যবাহী খাইট্রা বিক্রি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে।




