ঐতিহাসিক পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কাজের শুভসূচনা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিস, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল ইতিহাসের এক প্রতীকী পুনরাবৃত্তি। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্থান থেকে পাতলী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, প্রায় পাঁচ দশক পর একই স্থান থেকে পুনঃখনন কাজের সূচনা করেন তাঁর পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি সেখানে একটি গাছের চারাও রোপণ করেন।
জানা যায়, স্থানীয় জনগণের পানি নিষ্কাশন, কৃষিকাজে সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ১৯৭৯ সালের নভেম্বর মাসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ উদ্যোগে পাতলী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সে সময় খালের পাড়ে তিনি একটি খেজুর গাছ রোপণ করেন, যা আজও এলাকার মানুষের কাছে একটি ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষিত রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাতলী খালের পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে খালের নাব্যতা বৃদ্ধি পাবে, পানি প্রবাহ স্বাভাবিক থাকবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে এলাকার হাজারো কৃষক ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, ঐতিহাসিক এই খালের পুনঃখনন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং এলাকার ইতিহাস, ঐতিহ্য ও জনকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া