বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামী ৮ ও ৯ মার্চ ২০২৬ কক্সবাজার সফর করবেন। দুই দিনের এই সফরে তিনি কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।
সরকারি সূত্রে জানা যায়, ৮ মার্চ রবিবার দুপুর ২টায় তিনি বাংলাদেশ সচিবালয় থেকে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৩টা ৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
বিমানবন্দরে পৌঁছে তিনি কক্সবাজার বিমানবন্দরের উপস্থিতি ও সার্কিট হাউজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৪টা ৩০ মিনিটে কক্সবাজার সার্কিট হাউজে উপস্থিত থাকবেন। এরপর রাত ৭টায় পেকুয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৮টায় সেখানে পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
পরদিন ৯ মার্চ সোমবার সকাল ১০টায় পেকুয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১১টায় কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করবেন। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভা শেষে বিকেল ২টায় তিনি সার্কিট হাউজ থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল ২টা ৪৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। একই দিন বিকেল ৩টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত থাকবেন।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।




