বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একের পর এক বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে উপজেলার দুটি ইউনিয়নে পরপর দুটি বড় ধরনের নাশকতার ঘটনা ঘটল। সর্বশেষ গত রাতে মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের বিএনপি কার্যালয়ে আবারও ককটেল নিক্ষেপ ও তরল জ্বালানি ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। কালিগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় দফার হামলা। এই ধারাবাহিক নাশকতায় পুরো উপজেলা জুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা, উদ্বেগ ও সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২০ জুন শনিবার রাতের শেষাংশে মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে অবস্থিত বিএনপি কার্যালয়টি লক্ষ্য করে আবারও ককটেল বিস্ফোরণ ঘটায় একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত। শুধু ককটেল মেরেই ক্ষান্ত হয়নি তারা, গভীর রাতে অফিসের ভেতরে ও বাইরে তরল জ্বালানি ঢেলে পুরো কার্যালয়টি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে অফিসের বাইরের অংশে আগুন লেগে যায়। গভীর রাতে আগুনের শিখা ও বিকট শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এর আগে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়েও গভীর রাতে একই কায়দায় ভয়াবহ ককটেল হামলা চালানো হয়েছিল। সেদিন রাত আনুমানিক ১০:৩০ টার পর একদল দুর্বৃত্ত পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি ককটেল অফিসের ভেতরে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং বাকি দুটি অফিসের বাইরে বিস্ফোরিত হয়ে পুরো এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে উপজেলার কৃষ্ণনগর ও মথুরেশপুর (দুদলী) ইউনিয়নে পরপর দুটি সুপরিকল্পিত হামলার ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন:

“এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি সুপরিকল্পিত চক্রান্ত। অপরাধীরা কতটা বেপরোয়া হলে এক সপ্তাহের ব্যবধানে দু-দুবার হামলা ও তরল জ্বালানি ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালাতে পারে! আমরা অবিলম্বে এই নাশকতার সাথে জড়িত সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এদিকে একের পর এক এই নাশকতার ঘটনা কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলামের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মথুরেশপুরে পুনরায় হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে কালিগঞ্জ থানার নবাগত ওসি মোঃ শহিদুল ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন:

“কালিগঞ্জের মাটিতে কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না। দুদলী গ্রামের বিএনপি অফিসে আগের ঘটনার তদন্ত চলার মাঝেই আবারও যারা এই জ্বালানি ঢেলে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপের সাহস দেখিয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে ঘটনাগুলোর তদন্ত করছে। অপরাধী যে দলেরই হোক বা যত শক্তিশালীই হোক না কেন, তাদের টেনে-হিঁচড়ে আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মথুরেশপুর ও কৃষ্ণনগরসহ উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই ন্যক্কারজনক হামলার ঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

test123123

test123123

test123123

test123123