গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ ও প্রতিবন্ধিদের মাঝে পুনর্বাসন উপকরণ প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়। অপরদিকে, সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির আওতায় উপজেলার উপকারভোগীদের মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, স্থানীয় গণমাধ্যম কর্মী ও উপকার ভোগী কৃষক। অনুষ্ঠানে বক্তারা বলেন ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে,১ হাজার ৮০০ জন কৃষককে উফশী রোপা আমন ধানের বীজ, জনপ্রতি ১০ কেজি ডিএমপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ, ১০০ জনকে গ্রীষ্মকালীন হাইব্রিড মরিচের বীজ, জনপ্রতি ০৫ কেজি ডিএমপি সার এবং ০৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, এই প্রণোদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ। যদি কেউ বিক্রয় করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




