কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে সিএনজি স্ট্যান্ডে চাঁদা তোলা নিয়ে ভয়াবহ সংঘাতের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় কালিরবাজার রায়চোঁ নিজে বাড়ির সামনে যুবদল নেতা ওমর ফারুককে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তাইফুল হক নামে আরও একজন যুবকও আহত হন।
হাতে ও পেটে ছুরিকাঘাতপ্রাপ্ত ওমর ফারুককে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তাইফুল হক জানান, সিএনজি স্ট্যান্ড নিয়ে বিরোধের সময় ওমর ফারুককে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাকে বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, “আমরা ওমর ফারুককে আহত করার খবর শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ বিষয়ে জানতে কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এই সংবাদ লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করার কোনো তথ্য পাওয়া যায়নি।




