ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শুম্ভুপুর ইউনিয়নে ঘোষেরহাট পাটোয়ারী যুব বয়জ পরিষদের আয়োজনে মাধ্যমে তরুণ ও ছাত্র খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ তজুমদ্দিন জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক জনাব মামুর রশিদ পাটোয়ারী। আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাশেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলী, ক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক এলাকাবাসী।
অনুষ্ঠানে আগত বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়—এটি একটি সুস্থ, সচেতন ও নৈতিক মানবিক সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম শৃঙ্খলা, সহনশীলতা, নেতৃত্ব ও দলগত কাজের শিক্ষা লাভ করে, যা ভবিষ্যৎ রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে তরুণ ও ছাত্র সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই। সুস্থ দেহে সুস্থ মন—এই নীতিতে বিশ্বাস রেখে খেলাধুলার চর্চা বাড়ালে তরুণরা দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
তাঁরা শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে এগিয়ে আসার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার জন্য ঘোষেরহাট পাটোয়ারী যুব বয়জ পরিষদের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয় এবং আগামীতেও যুব সমাজকে কেন্দ্র করে এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।




