চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেশম চাষি ও কৃষকদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে “বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা-২য় পর্যায় (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড।
এ উপলক্ষে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তৌফিক আল মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক ড. এম এ মান্নান, প্রকল্প পরিচালক প্রকৌশলী মোখলেছুর রহমান, উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. সিরাজুল রহমান, আঞ্চলিক কার্যালয় রাজশাহীর উপ পরিচালক তারিকুল ইসলামসহ স্থানীয় রেশম চাষি ও কৃষকরা।
বক্তারা বলেন, রেশম শিল্পের সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি সরকারি সহায়তা অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে রেশম শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।




