শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) আগামী ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলাচল ও অংশগ্রহণ নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সরকার কর্তৃক জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা পূর্বের নিয়ম অনুযায়ী পুনরায় শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে এবং একাডেমিক কার্যক্রমও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।




