লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে সচেতনতামূলক র্যালি ও ক্যাশলেস ক্যাম্পেইনের আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি শাখা
মঙ্গলবার সকালে ঘোড়াশাল বাজার এলাকায় অবস্থিত পূবালী ব্যাংকের ঘোড়াশাল শাখা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগদবিহীন লেনদেন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করে।
র্যালি শেষে দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও গাজীপুর অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক বেলাল হোসেন সেলিম, ঘোড়াশাল শাখার ব্যবস্থাপক মো. রকিবুল ইসলাম, রিজিওনাল ইনচার্জ এডিসি মো. ফজলে রাব্বীসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা ক্যাশলেস লেনদেন ব্যবস্থার নানা সুবিধা তুলে ধরে বলেন, ডিজিটাল পদ্ধতিতে অর্থ লেনদেন সময় সাশ্রয়ী, নিরাপদ ও সহজ। পাশাপাশি ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের নগদ অর্থের ব্যবহার কমিয়ে কিউআর কোডভিত্তিক লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেনের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




