মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে র‍্যাব-১৩’র ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প। এ উপলক্ষে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় শহরের দিনাজপুর একাডেমি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১৩ এর স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবীর বলেন, দিনাজপুর ক্যাম্পের আওতাধীন এলাকার বিভিন্ন ধরনের ঝুঁকি পর্যালোচনা করে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৮৪৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের ১২টি টহল দল, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে মোতায়েনকৃত টহল টিমের কার্যক্রম তদারকি করবেন।
তিনি আরও জানান, র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের মোবাইল টিম যেকোনো অনভিপ্রেত ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকবে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারিতে রাখা হবে এবং প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।
স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবীর বলেন, র‍্যাব-১৩ এর আধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি র‍্যাবের মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং কার্যক্রম চালিয়ে যাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে।
তিনি আরও বলেন, র‍্যাব-১৩ এর আধুনিক প্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে কার্যক্রম অব্যাহত থাকবে। ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেও যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ও অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তা নিশ্চিত করতে র‍্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ। নির্বাচনে কোনো দুষ্কৃতকারী যেন ভোটের পরিবেশ নষ্ট করতে না পারে, সে লক্ষ্যে র‍্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও মো. মনোয়ার হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জৈন্তাপুর-তামাবিল মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা, টায়ার বিস্ফোরণে মুখোমুখি সংঘর্ষে চালকের হাত বিচ্ছিন্ন

সিলেটের জৈন্তাপুর-তামাবিল মহাসড়ক যেন হঠাৎই রূপ নেয় এক বিভীষিকাময় দৃশ্যে।