নওগাঁর সাপাহার উপজেলা এলাকায় স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেখানো স্থান থেকে ছিনতাইকৃত স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ৯টায় সাপাহার ইউনিয়নের চৌধুরী চান মোহাম্মদ মহিলা কলেজ রোডসংলগ্ন আড়তের পাশে দশম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় কয়েকজন বখাটে গতিরোধ করে। এ সময় তারা চাকু ও লাঠি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মেয়েটির আনুমানিক তিন আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়।
ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার ও সাপাহার থানা-র অফিসার ইনচার্জকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরবর্তীতে সাপাহার থানার একটি বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহযোগিতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। অভিযানের অংশ হিসেবে প্রধান আসামি মো. মিজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি ও দেখানো স্থানের ভিত্তিতে ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সাপাহার থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে।




