ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট-১ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, নির্বাচিত হলে সিলেটকে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ মডেল নগরী হিসেবে গড়ে তুলবেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুল হাসান বলেন, পীর সাহেব চরমোনাইনের আহ্বানে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। দেশ ও মানবতাকে সামনে রেখে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করছি। তিনি বলেন, সিলেটে প্রবাসীদের সম্পদ সন্ত্রাসীদের কবল থেকে রক্ষায় জীবন বাজি রেখে কাজ করবো।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্থানীয় প্রতিনিধি, এলাকার বিশিষ্ট ব্যক্তি, মসজিদের খতিব ও ইমাম এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতাদের পরামর্শে তিন থেকে ছয় মাসের মধ্যে সিলেটকে চাঁদাবাজি, দুর্নীতি ও যানজটমুক্ত নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এতে থাকবে নিরাপদ বাসস্থান, খাদ্য নিরাপত্তা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা, শিশু-কিশোরদের মানসম্মত শিক্ষা, মশামুক্ত নগরী, ব্যবসায়ীবান্ধব পরিবেশ এবং হকার ও রিকশাচালকদের পুনর্বাসন ব্যবস্থা। পাশাপাশি প্রতিটি এলাকাকে সিসি ক্যামেরার আওতায় এনে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, গত ৫৪ বছরে বিভিন্ন দলের শাসনামলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত শান্তি ও উন্নয়ন পায়নি। বরং দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট, মাদক ও অশ্লীলতার বিস্তার ঘটিয়ে যুবসমাজকে ধ্বংস করা হয়েছে। শিক্ষিত তরুণরা বেকারত্বের অভিশাপে ভুগছে, নারী ও শিশুসহ সকল নাগরিক আজ নিরাপত্তাহীন।
মাহমুদুল হাসান বলেন, সিলেটে বসবাসরত মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, মনিপুরীসহ বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়া হয়নি।
তিনি বলেন, সকল ধর্মাবলম্বী মানুষের ন্যায্য অধিকার, স্থায়ী শান্তি ও কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি ভোটকে ইবাদত ও আমানত উল্লেখ করে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও অশ্লীলতা দূর করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিন, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, জয়েন্ট সেক্রেটারি প্রভাষ বুরহান উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো. জাকির হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
সুমন আহমদ খান




