পিরোজপুর জেলার নেছারাবাদ সেনা ক্যাম্পের একটি যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাসেল হাওলাদার (৩৫), পিতা: মৃত আবুল কালাম ও তার স্ত্রী নাসরীন আক্তার (৩০) আটক করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেছারাবাদ আর্মি ক্যাম্পের একটি দল এই আকস্মিক অভিযান পরিচালনা করে।
সূত্রটি জানায়, দীর্ঘদিন ধরে রাসেল হাওলাদার ও তার স্ত্রী এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থানের ওপর নজরদারি বৃদ্ধি করা হয় এবং আজ ২৯ জানুয়ারী ভোর ৩ ঘটিকায় তাদের বাসায় যৌথ বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। তল্লাশি চলাকালীন তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসায় রাসেল এই এলাকায় মাদক কেনা-বেচা ও সেবনকারীদের নামও প্রকাশ করেছে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে: ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ গ্রাম গাজা, অপরাধমূলক কাজে ব্যবহৃত ১টি পাওয়ার ব্যাংক, ১২টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড, নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত ২টি সিসি ক্যামেরা ও ১ টি মেমোরী কার্ড, মদ ও সিসা সেবনের সরঞ্জাম, ৬টি গ্রাইন্ডার মেশিন, জংগল নাইফ-০১, মদের বোতল, এলুমিনিয়াম ফয়েল- ৩৬ পিস।
আটককৃত ব্যক্তিদের এবং জব্দকৃত সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে অপরাধ দমনে সেনাবাহিনীর এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




