পরিবার মেনে না নেয়ায়: বোচাগঞ্জে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

পরিবারে সম্পর্ক মেনে না নেওয়ায়: বোচাগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ার জেরে কয়েক ঘণ্টার ব্যবধানে এক প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন উপজেলার ৬ নম্বর রণগাঁও ইউনিয়নের শ্রী মহন্তপুর দমনিরঘাট এলাকার তাপষ দাসের ছেলে রাহুল (কাকন দাস) (১৮) এবং একই এলাকার পরেশ চন্দ্র দাসের মেয়ে প্রিয়া রানী দাস (১৬)।
জানা গেছে, রাহুল ও প্রিয়া দুজনই বোচাগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। রাহুল চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পুনরায় দশম শ্রেণিতে ভর্তি হয়ে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। অপরদিকে প্রিয়াও একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে বিষয়টি দুই পরিবারের নজরে এলে তারা এ সম্পর্কে আপত্তি জানান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ৭ জুলাই ভোর রাতে নিজ বাড়ির শয়নকক্ষে প্রিয়া রানী দাস গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে একই দিন বিকেল সাড়ে ৬টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রিয়ার মৃত্যুর খবর জানার পর দিনাজপুর সদরের উমারপাই দাসপাড়ায় নানার বাড়িতে অবস্থানরত রাহুল (কাকন দাস) একটি লিচুগাছে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “মৃতার বাবা থানায় অভিযোগ করেছেন যে, অজ্ঞাত কারণে তার মেয়ে নিজ ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় অপমৃত্যু মামলা নং-১৯, তারিখ ৭ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে। মৃতার বাবা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের আবেদন করলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”
তিনি আরও জানান, রাহুল (কাকন দাস)-এর মৃত্যুর ঘটনাটি দিনাজপুর কোতোয়ালি থানার অধিক্ষেত্রে হওয়ায় সে বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা জানাতে পারবে।
ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। স্থানীয়দের মধ্যে এ মর্মান্তিক মৃত্যুকে ঘিরে নানা আলোচনা চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ চ্যাম্পিয়ন ভারতের সহাম দে

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়

বাবুগঞ্জে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বারোপ

বরিশালের বাবুগঞ্জে কোডেকের উদ্যোগে উপজেলা সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বিসিএস ক্যাডার পরিচয়ে প্রতারণা: তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিনাজপুরে যুবক আটক

কখনো পুলিশ ক্যাডার, কখনো প্রশাসন ক্যাডারের কর্মকর্তা—এমন নানা ভুয়া পরিচয়