নরসিংদী-২ (পলাশ) আসনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিএনপি এবং এর অঙ্গসংগঠনকে জড়িয়ে প্রচারিত কিছু সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে পলাশ উপজেলা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপি।
শনিবার (১৮ জুলাই) সকালে ঘোড়াশাল পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও কানে কামড় দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, অভিযোগকারী নিষিদ্ধ ঘোষিত কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের আনা অভিযোগের কোনো সত্যতা নেই।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে একটি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর যুবদলের নতুন কমিটি দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে।
এ সময় যুবদলের সাবেক নেতা শেখ সাইদুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে দল ও সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তোলা হয়। নেতারা দাবি করেন, তিনি দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে গোপনে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখেছেন এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সম্প্রতি যুবদলের কোনো পদ না পাওয়ায় তিনি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দল ও সরকারের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন মিথ্যা অভিযোগ উত্থাপন করছেন বলেও অভিযোগ করেন তারা।
এছাড়া পলাশ ফার্টিলাইজার পিএলসিকে কেন্দ্র করে তার আনা চাঁদাবাজির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করে পলাশ উপজেলা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নবগঠিত উপজেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট এম. এ. বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




