পুনরায় বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, আত্মগোপনের পর গ্রেফতার সাবেক স্বামী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আল আমিন (২৪)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।
র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনাগুলোতেও বাহিনীটি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও গ্রেফতারকৃত আসামির মধ্যে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে ভুক্তভোগীকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে ২০২৫ সালের ১৯ অক্টোবর আসামি একতরফাভাবে ভুক্তভোগীকে তালাক দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে আসামি ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাকে সহযোগী এক আত্মীয়ের বাসায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে আসামি তা অস্বীকার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে চলতি বছরের ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন।
র‍্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ মে বিকেল ৪টা ৫ মিনিটে র‍্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা এবং র‍্যাব-৪, সিপিসি-২ নবীনগর, সাভারের যৌথ আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা প্রধান আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব আরও জানায়, ধর্ষণ, অপহরণ, হত্যা ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় সমীক্ষাতেই আটকে পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নির্মাণ, ভরসা এখনো বাঁশের সাঁকো

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাসিয়া