বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা ঘিরে গাজীপুরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ইতোমধ্যে জনসভার মঞ্চসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠজুড়ে ব্যানার-ফেস্টুন ও দলীয় প্রতীকে রঙিন হয়ে উঠেছে পুরো এলাকা। এখন কেবল অপেক্ষা তারেক রহমানের আগমনের।
জানা গেছে, দীর্ঘ প্রায় ২০ বছর পর গাজীপুরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীরা আশা করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের এই জনসভা দলের জন্য নতুন দিকনির্দেশনা দেবে এবং আন্দোলনে গতি আনবে।
জনসভা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠ ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
গাজীপুর বিএনপির নেতারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের প্রত্যাশা, এই জনসভা গাজীপুরসহ সারা দেশে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।




