রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সম্মেলন কক্ষে ‘বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রিস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স ইন সিএইচটি (BERCR-CHT)’ প্রকল্পের আওতায় জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্যদের জন্য দুই দিনব্যাপী এক কারিগরি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩-২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। কর্মশালায় জীববৈচিত্র্য সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি, বাস্তুসংস্থান পুনরুদ্ধার, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীল জীবিকায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ সেশনে কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন প্রকল্পের বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর মিঠুন মারমা, আলীখীয়ং রেঞ্জ কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এবং বিলাইছড়ি উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ডি. কৃষিবিদ সুমন গুপ্ত। বক্তারা পার্বত্য চট্টগ্রামে বন উজাড় রোধ ও বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে স্থানীয় সংরক্ষক দলের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, যাতে স্থানীয় পাহাড়ী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকে।




