বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চান না। তিনি পাশের রাষ্ট্রে বসে নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তবে জনগণের ভোটের জোয়ার কোনো ষড়যন্ত্রেই থামানো যাবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা করতে হলে অভিজ্ঞতা প্রয়োজন, যা বর্তমানে একমাত্র বিএনপিরই রয়েছে।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, বর্তমানে একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে ভোট চাইছে। এদেরকে ‘ধর্ম ব্যবসায়ী’ উল্লেখ করে তিনি বলেন, এসব অপশক্তি থেকে জনগণকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ প্রতারিত না হয়।
স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মেজর হাফিজ দাবি করেন, লালমোহনে আওয়ামী লীগের প্রায় ৯০ শতাংশ নেতাকর্মী ইতোমধ্যে বিএনপিতে যোগদান করেছে। তিনি বলেন, বিগত সরকারের আমলে যারা আওয়ামী লীগ করলেও সাধারণ মানুষের ওপর কোনো নির্যাতন করেনি, তাদের বিএনপিতে সাদরে গ্রহণ করা হয়েছে। এখনো যারা নিরীহ আওয়ামী লীগ কর্মী রয়েছেন, তারাও চাইলে বিএনপিতে যোগ দিতে পারবেন।
পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর নুরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক বাহালুল কবির সাকিল পাটোয়ারীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




