ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের নোমানী ময়দানে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের বিএএম রেঞ্জ কমান্ডার নুরুল হাসান ফরিদী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাগুরা জেলা কমান্ডার মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
রেঞ্জ কমান্ডার নুরুল হাসান ফরিদী বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নির্বাচনকালীন প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। নির্বাচনকালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যরা প্রতিটি ভোটকেন্দ্রে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, মাগুরা জেলার মোট ৩০১টি ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া আনসার ব্যাটালিয়নের সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটকেন্দ্রে আগত প্রতিটি ভোটারের সঙ্গে ভদ্র ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়।
সমাবেশে মাগুরা জেলার চারটি উপজেলার মোট ৩ হাজার ৯১৩ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।




